রাজাপুরে জমি বিরোধে কৃষকের দুই শতাধিক গাছ কর্তনের অভিযোগ
রাজাপুরে জমি বিরোধে কৃষকের দুই শতাধিক গাছ কর্তনের অভিযোগ
রাজাপুরে জমি বিরোধে কৃষকের দুই শতাধিক গাছ কর্তনের অভিযোগ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে পরিকল্পিতভাবে গাছ কেটে ফেলা হয়। কাটা গাছগুলোর মধ্যে ছিল বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ নানা জাতের ফলজ ও বনজ গাছ। এতে আনুমানিক ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিকপক্ষ।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— একই গ্রামের আব্দুস সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম এবং নাতি আব্দুর রহমান। ভুক্তভোগী সোহেল খলিফা জানান, কবির, জাকির, মহসিন ও তাহসিন নামের কয়েকজনের সহায়তায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
সোহেল খলিফা আরও বলেন, গাছ কাটার সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা মুঠোফোনে বলেন, “আমি বা আমার পরিবারের কেউ গাছ কাটার সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, “সোহেল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
