যুবদল সভাপতির প্রাইভেটকারের চাপায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত
যুবদল সভাপতির প্রাইভেটকারের চাপায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত
যুবদল সভাপতির প্রাইভেটকারের চাপায় পেট্রোল পাম্প কর্মচারী নিহত
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিপন সাহা নামে এক পেট্রোল পাম্প কর্মচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, সাবেক জেলা যুবদল সভাপতির ব্যবহৃত একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে একটি প্রাইভেটকারে তেল নেওয়া হয়। গাড়িটি তেল নেওয়ার পর মূল্য পরিশোধ না করেই দ্রুত সড়ক ত্যাগ করার চেষ্টা করে।
এ সময় ফিলিং স্টেশনের মিটারম্যান রিপন সাহা গাড়ির পেছনে দৌড়ে গিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গাড়ির সামনে দাঁড়ালে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে দেন। এতে রিপন সাহা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গাড়িটিতে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন অবস্থান করছিলেন। গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রিপন সাহার পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
