জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ দুই ভাগে বিভক্ত: মামুনুল হক
মামুনুল হক
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ দুই ভাগে বিভক্ত: মামুনুল হক
জুলাই পরিবর্তনের পর বাংলাদেশ স্পষ্টভাবে দুটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর ভাষায়, একটি অংশ ১৯৭২ সালের আদর্শ অনুসরণ করছে, অন্য অংশ দাঁড়িয়ে আছে ২০২৪ সালের “জুলাই বিপ্লব”-এর চেতনার পাশে।
সোমবার বিকেলে খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মামুনুল হক বলেন
“রক্তের সাগর পেরিয়ে যে ফ্যাসিবাদকে ২০২৪ সালের জুলাইয়ে বিদায় জানানো হয়েছে, সেই অন্ধকার আর যেন ফিরে না আসে—এটাই জনগণের প্রত্যাশা।” তিনি জানান, জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে দেশের রাজনৈতিক বিভ্রান্তিও কমবে বলে মনে করেন তিনি।
ইন্টারিম সরকারের উদ্দেশে মামুনুল হক আরও বলেন, “এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। জনগণ আজ ঐক্যবদ্ধ, নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটের বাক্সও ভরবে।”
তিনি নির্বাচনী পরিস্থিতিতে কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে তার দায়ভার সরকারের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন। বক্তব্যের শেষ দিকে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
