সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী
সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী
সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন বিষয়ে সরকারের অবস্থান ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রী।
সোমবার (১৫ জুন) সংসদের বাজেট অধিবেশনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর পৃথক তিনটি প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। তাঁর প্রশ্নগুলোর লিখিত ও মৌখিক জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংসদ সদস্য আল আমিনের প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিহীনতা ও স্কুল ফিডিং কার্যক্রম সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি” সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।
স্কুল ফিডিং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “এই কর্মসূচিতে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অনিয়মে জড়িত সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের অবশিষ্ট সবকটি উপজেলায় পর্যায়ক্রমে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি” চালুর প্রস্তাবও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে করা অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববাজারে বাংলাদেশি কর্মীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে কারিগরি শিক্ষার্থীদের একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও মান্দারিনসহ (চীনা ভাষা) তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।”
এরই অংশ হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে এই তৃতীয় ভাষা প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি করে অত্যাধুনিক ‘ল্যাঙ্গুয়েজ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট নিরসন প্রসঙ্গে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার দ্রুততম সময়ে শিক্ষক সংকট দূর করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে “সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫” কার্যক্রমের আওতায় শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বর্তমানে তাদের আনুষ্ঠানিক নিয়োগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুতই সম্পন্ন হবে।
সংসদে উত্থাপিত এসব প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে শিক্ষা ও কারিগরি খাতের সামগ্রিক মানোন্নয়ন এবং ইশতেহার বাস্তবায়নে চলমান কর্মযজ্ঞের এক ইতিবাচক চিত্র ফুটে ওঠে।
