২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ
২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ
মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর
দিনাজপুর ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নেমে আসবে।
সোমবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সরকারি বিদ্যালয়ের অবহেলার মানসিকতা দূর করার ওপর জোর দিয়ে বলেন, “বেসরকারি স্কুলের খবরাখবর এলাকাবাসী রাখে, সরকারি প্রাথমিকে কেউ নজর দেয় না। ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’—এই ধারণা আমরা আর দেখতে চাই না। বর্তমান সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে।”
বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয়দের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে। ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে তিনি জানান, এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হবে, যাতে বিদ্যালয় পরিচালনা আরও সুষ্ঠু হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইসরাত জাহান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।


অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক