বেনাপোলে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান
ছবিঃ বিডি নিউজ ২৬
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান
মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, নাটক ও জারি গান। ‘রাইটস যশোর’-এর উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বেনাপোল পোর্ট থানার গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক। সঞ্চালনা করেন ‘রাইটস যশোর’-এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক মানিক কুমার সাহা, বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হোসেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদ আলী এবং বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন
মানব পাচার প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। পাচারকারীরা নতুন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। তাই অভিভাবক ও তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ১৮ বছরের নিচে ছেলে-মেয়েদের যেন অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ না হয়—সে বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন
যারা পাচারের শিকার হয়ে ফিরে এসেছেন, তাদের পুনর্বাসনে সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মানব পাচার অনেকাংশে রোধ করা সম্ভব। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যার টেকসই সমাধান সম্ভব।
সীমান্ত এলাকায় মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
