দলীয় স্বার্থে অন্ধ হয়ে কেউ কেউ নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে: জোনায়েদ সাকি
ছবিঃ বিডি নিউজ ২৬
দলীয় স্বার্থে অন্ধ হয়ে কেউ কেউ নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন যে, দেশের কিছু রাজনৈতিক শক্তি দলীয় স্বার্থে অন্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পাঁয়তারা করছে। তিনি বলেন, এই ধরনের তৎপরতা রাষ্ট্রকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সাকি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি এখন পরস্পর সম্পর্কযুক্ত। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব। কিন্তু কিছু দল নির্বাচন পেছাতে বা বানচাল করতে চায়। তারা মনে করছে ক্ষমতায় ভাগ পেলেই সব ঠিক—এমন ধারণা ভয়ংকর।”
তিনি আরও বলেন, “যদি নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে অনুষ্ঠিত না হয়, তাহলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তা জাতিকে বড় বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে। যারা নির্বাচন নস্যাৎ করতে চাইছে, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক খেলায় মেতে উঠেছে।”
জোনায়েদ সাকি দাবি করেন, দেশের জনগণ কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা বরদাশ্ত করবে না। তিনি বলেন, “এই মুহূর্তে বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটিই জাতীয় জরুরি বিষয়। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সফল করতেই হবে। নির্বাচিত জাতীয় সংসদ ও সরকার গঠন দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা।
সমাবেশের আগে শহরের খানপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। দলীয় প্রতীক ‘মাথাল’ হাতে নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে এসে মিছিলের সমাপ্তি করেন।
