হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা আটক র্যাবের বিশেষ অভিযান
ছবিঃ বিডি নিউজ ২৬
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা আটক র্যাবের বিশেষ অভিযান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১০-এর একটি বিশেষ দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের ভিত্তিতে শুটার ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে
চার সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। তিনি প্রায়ই রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন মোসা. জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় যাতায়াত করতেন। ঘটনার রাতে তিনি একটি কালো ব্যাগ নিয়ে ওই বাসায় প্রবেশ করেন। পরে বাসার চিপা দিয়ে ব্যাগটি নিচে ফেলে দেন এবং পরবর্তীতে তার ভাগনে জামিল (১৮)-কে দিয়ে ব্যাগটি পুনরায় বাসায় আনান।
তদন্তে আরও উঠে আসে, শুটার ফয়সাল তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই ভবনের ছাদ থেকে ফেলে দেন এবং অপরটি তার মা মোসা. হাসি বেগমের কাছে রেখে যান।
র্যাবের তথ্যমতে, পরবর্তীতে শুটার ফয়সাল তার বাবা-মার সঙ্গে দেখা করেন। নিজের অবস্থান নিরাপদ মনে না হওয়ায় তিনি আগারগাঁও থেকে মিরপুর হয়ে শাহজাদপুরে তার চাচাতো ভাই আরিফের বাসায় আশ্রয় নেন। এ সময় তার ব্যাগ বহনের জন্য বাবা মো. হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু অর্থও প্রদান করেন।
পরবর্তীতে তারা কেরাণীগঞ্জে ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের বাসায় যান। সেখানে গিয়ে জুরাইন এলাকা থেকে দুটি নতুন মোবাইল সিম সংগ্রহ করে ব্যবহার শুরু করেন বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত বাবা-মাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
