দেশে ফেরার আগে বার্তা: এয়ারপোর্টে ভিড় না করার আহ্বান তারেক রহমানের
ছবিঃ বিডি নিউজ ২৬
দেশে ফেরার আগে বার্তা: এয়ারপোর্টে ভিড় না করার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান এ আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি গৌরবময় দিন—মহান বিজয় দিবস। একই সঙ্গে এটি তার জন্য আবেগঘন একটি সময়, কারণ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
তারেক রহমান স্পষ্ট করে জানান, দেশে ফেরার সময় যেন লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভিড় না হয়। তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করে বলেন, কেউ যেন ওই দিন তাকে বিদায় জানাতে বিমানবন্দরে না যান।
তিনি বলেন, “আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি দেশে ফিরবো। তবে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, ২৫ তারিখে কেউ এয়ারপোর্টে যাবেন না। দয়া করে কেউ যাবেন না।”
তারেক রহমান আরও বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি দল ও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে দেশের সুনাম ও রাজনৈতিক দলের মর্যাদা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা তার এই অনুরোধকে সম্মান জানিয়ে বিমানবন্দরে না যাবেন, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। আর যারা নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে যাবেন, তাদের বিষয়ে তিনি মনে করবেন—তারা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।
তারেক রহমানের এই বক্তব্যকে দলীয় শৃঙ্খলা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
