সিঙ্গাপুরে কাঙ্ক্ষিত চিকিৎসা সম্ভব নয় হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ
ছবিঃ বিডি নিউজ ২৬
সিঙ্গাপুরে কাঙ্ক্ষিত চিকিৎসা সম্ভব নয় হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। সিঙ্গাপুরে চলমান চিকিৎসায় প্রয়োজনীয় জটিল অস্ত্রোপচারের যথাযথ ব্যবস্থা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, “হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।” তার এই স্ট্যাটাসের পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
এদিকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুক পোস্টে হাদির চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে হাদির যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, সেটির উপযুক্ত চিকিৎসা ব্যবস্থাপনা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালেই হাদির চিকিৎসার শেষ একটি কার্যকর চেষ্টা করা যেতে পারে। এজন্য তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তার আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, কেউ যদি সহায়তা করতে আগ্রহী হন, তাহলে হাদির চিকিৎসা সংক্রান্ত ট্রিটমেন্ট সামারি পাঠানো সম্ভব হবে। এ বিষয়ে সহযোগিতার জন্য ইনবক্সে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় এখন তার চিকিৎসা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও সহকর্মীরা।
যোগাযোগঃ https://www.facebook.com/mojibur.r.monju
যোগাযোগঃ https://www.facebook.com/BarristerKhaled/
