তারেক রহমানই বিএনপির নতুন চেয়ারম্যান – শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা
ছবিঃ বিডি নিউজ ২৬
তারেক রহমানই বিএনপির নতুন চেয়ারম্যান – শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা
বিএনপির চেয়ারপারসনের পদে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই পদে স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব পাওয়ার কথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা নিশ্চিত করেছেন—তারেক রহমানই বর্তমানে বিএনপির চেয়ারম্যান। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব তারেক রহমানের
বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারার ৩ নম্বর উপধারায় স্পষ্টভাবে বলা আছে—চেয়ারম্যানের পদ কোনো কারণে শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই বিধান অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে টানা কয়েক দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। গঠনতন্ত্রের ৭(গ) ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের সব দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হতে পারে।
দল ও দেশের শোকের সময়
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, পুরো দেশের জন্যই অপূরণীয় ক্ষতি। এমন শোকের মুহূর্তে পদ-পদবি নিয়ে আলোচনা মুখ্য বিষয় নয়। তবে বাস্তবতা হলো—তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান।
তারেক রহমানের রাজনৈতিক পথচলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে যুক্ত ছিলেন।
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন তারেক রহমান। ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি গ্রেপ্তার হন। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান।
বেগম খালেদা জিয়া কারাগারে গেলে ২০১৮ সালে যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে চলতি বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।
