রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় ছাত্রী আহত !
রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় ছাত্রী আহত
রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় ছাত্রী আহত !
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক শিক্ষকের চালানো ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল সংলগ্ন সড়কে ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোছা. লিজা আক্তার। তিনি ইতিহাস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রহমতুন্নেসা হলের আবাসিক ছাত্রী। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে নিজ হলে ফিরছিলেন লিজা। এ সময় তাপসী রাবেয়া হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার হঠাৎ তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আশপাশে থাকা শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ। দুর্ঘটনার বিষয়টি নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা চলছে।
