নির্বাচনী অনিয়ম ও সহিংসতার অভিযোগে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা ১১ দলীয় জোটের
নির্বাচনী অনিয়ম ও সহিংসতার অভিযোগে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা ১১ দলীয় জোটের
নির্বাচনী অনিয়ম ও সহিংসতার অভিযোগে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা ১১ দলীয় জোটের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচির কথা জানান জোট নেতারা।
দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের পর জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে, যা নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ভয়ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়া ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে ১১ দলীয় জোটের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে একাধিক অভিযোগ জানানো হলেও কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, অনেক কেন্দ্রে ফলাফল শিটে কাটাছেঁড়া, ঘষামাজা ও ওভাররাইটিংয়ের চিহ্ন পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট পেন্সিলে লেখা হয়েছে, যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী।
