মানিকগঞ্জে চলাচলের রাস্তা ও জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত ২
মানিকগঞ্জে চলাচলের রাস্তা ও জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত ২
উভয় পক্ষের থানায় পাল্টাপাল্টি অভিযোগ
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী এলাকায় চলাচলের রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে মোঃ লাল মিয়ার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি সরু রাস্তা ও জমির সীমানা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ওই রাস্তা দিয়ে একই পরিবারের একাধিক সদস্যসহ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল।
জানা গেছে, রাস্তার জন্য প্রায় ১ ডিসমিল জমি নির্ধারিত থাকলেও সেটি সংকীর্ণ হওয়ায় চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সমাধানের চেষ্টা করেন এবং সীমানা নির্ধারণ করে দেন বলে দাবি করা হয়।
মোঃ লাল মিয়ার অভিযোগ, জনপ্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী তিনি বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় তার স্ত্রী মালেকা বেগম প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন।
অন্যদিকে অভিযুক্ত পক্ষের মোঃ নান্নু ও সুজন অভিযোগ অস্বীকার করে জানান, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ জানালে মালেকা বেগম তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং লোহার রড দিয়ে আঘাত করলে নান্নু গুরুতর আহত হন।
সংঘর্ষে আহত নান্নুকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অপরদিকে আহত মালেকা বেগমকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় উভয় পক্ষই ঘিওর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মতে, রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয় বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।
