মানিকগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- সিএনজি ক্ষতিগ্রস্ত আহত ২
মানিকগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- সিএনজি ক্ষতিগ্রস্ত আহত ২
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গেরাদিয়া সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি সিএনজি অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিএনজিতে থাকা চালকসহ অন্তত দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা অভিমুখী একটি ইট বাহি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি খালি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঢাকা থেকে আসা ট্রাকটি সড়কের মাঝখানে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এ সময় ট্রাক দুটির পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় সিএনজির চালক ও এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বোঝাই ট্রাকটির তুলনামূলক কম ক্ষতি হলেও অপর ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়
এ বিষয়ে সিংগাইর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
