৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি :BD NEWS 26
৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
দেশের প্রায় ৩২ হাজার স্কুল প্রধানশিক্ষকবিহীন, তবুও সমান সংখ্যক সহকারী শিক্ষককে পদোন্নতি দিতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়—এমন দুঃসংবাদই দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, আদালতের মামলার জটিলতার কারণেই পদোন্নতি প্রক্রিয়া আটকে আছে। মামলা নিষ্পত্তি হলেই বহু সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ভবন ও অফিসঘর পর্যবেক্ষণ করেন। এ ছাড়া উপদেষ্টা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও স্থানীয় সৈকতও ঘুরে দেখেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, কুতুবদিয়ার বেশ কয়েকটি বিদ্যালয়ে গুরুতর শিক্ষক সংকট দেখা যাচ্ছে। এই সংকট দূর করতে শিগগিরই নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক দিয়ে শক্তিশালী করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া।
