এনইআইআর চালুতে সময় বাড়াল বিটিআরসি কার্যকর হচ্ছে ১ জানুয়ারি
ছবিঃ বিডি নিউজ ২৬
এনইআইআর চালুতে সময় বাড়াল বিটিআরসি কার্যকর হচ্ছে ১ জানুয়ারি
দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ হ্যান্ডসেট আমদানি নিয়ন্ত্রণে চালু হতে যাওয়া ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)’ সিস্টেমের কার্যকারিতা শুরু করার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর কার্যকর হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিটিআরসি জানায়, দেশের অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের আমদানিকৃত অবিক্রীত বা গুদামজাত মোবাইল ফোনের তথ্য কমিশনে জমা দিতে পারেননি। ব্যবসায়ীদের এই সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এনইআইআর সিস্টেম চালুর সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের জন্য ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল, যাতে তারা অবিক্রীত বা স্টকে থাকা হ্যান্ডসেটগুলোর প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী সেই প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় নতুন করে সময় বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব ব্যবসায়ী এখনো তাদের অবিক্রীত বা মজুতকৃত মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে প্রস্তুত করে বিটিআরসির নির্ধারিত ই-মেইল ঠিকানা neir@btrc.gov.bd-এ পাঠাতে হবে।
বিটিআরসি আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে ব্যবসায়ীরা সহজেই তাদের অবিক্রীত হ্যান্ডসেটগুলোর তথ্য নিবন্ধন করতে পারবেন এবং এনইআইআর চালু হলে অবৈধ মোবাইল ফোন ব্যবহার ও চুরি সংক্রান্ত সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
