জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ২৬ এমএমসিএফডি গ্যাস
ছবিঃ বিডি নিউজ ২৬
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ২৬ এমএমসিএফডি গ্যাস
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর ফলস্বরূপ ৩ ডিসেম্বর থেকে কূপটি প্রতিদিন প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে।
বুধবার গ্যাস সরবরাহের উদ্বোধন ঘোষণা করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। অনুষ্ঠানে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেন, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরাও উপস্থিত ছিলেন।
ওয়ার্কওভার শেষে উৎপাদন প্রায় দ্বিগুণ
বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে কূপটির ওয়ার্কওভার কাজ পরিচালিত হয়। আগে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেলেও পানি ও বালুর কারণে উৎপাদন ব্যাহত হতো। নতুন ওয়ার্কওভার সম্পন্ন হওয়ায় কূপটি এখন শুষ্ক (ড্রাই) গ্যাস সরবরাহে সক্ষম, ফলে উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে।
সামনে আরও কূপ যুক্ত হচ্ছে গ্রিডে
বিজিএফসিএল জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের অধীন কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার শেষ করবে বাপেক্স। এতে জাতীয় গ্রিডে আরও ৫ এমএমসিএফডি গ্যাস যোগ হবে।
এ ছাড়াও চলতি ডিসেম্বরেই সিলেট-১০ এক্স, সিলেট-১১ এবং শ্রীকাইল-৫—এই তিনটি কূপের খননকাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরও দুটি কূপ—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-৬—এর ওয়ার্কওভার সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসব প্রকল্প সমাপ্ত হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং জ্বালানি খাতের চাপ অনেকটাই কমে আসবে।
