ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু
ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামের এক কিশোর সাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার–বিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় আজহার আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তসলিম হক বেলতলী বাজার থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ব্যাঙের কাঁদো এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা খেয়ে তসলিম সড়কের ওপর ছিটকে পড়লে ঘাতক ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যায়।
তসলিম হক (১৩), সে চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাঙের কাঁদো এলাকার মহসিন আলী বুলুর ছেলে।
এই ঘটনায় চিরিরবন্দর থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং পলাতক চালককে দ্রুত আইনের আওতায় আনতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীনের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।
